খার্গ দ্বীপের কাছে একটি ইরানি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৫ সেপ্টেম্বর) তাসনিম নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তাসনিম নিউজ বলছে, ইরানের ওই তেল ট্যাংকারে মার্কিন বাহিনী অন্তত চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্যাংকারের ক্রুদের সরিয়ে নেয়া হয়েছে।
তবে এই হামলা নিয়ে তাৎক্ষনিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও রয়টার্সের প্রশ্নের কোনো সাড়া দেয়নি।
ইরানের তেল শিল্পের জন্য খার্গ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির ৯০ শতাংশই এখান থেকে আসে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই অঞ্চলটি দখল করার হুমকি দিয়েছিলেন।
