সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তুমুল লড়াই, নিহত ৮১

সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তুমুল লড়াই, নিহত ৮১

ফন্ট সাইজ:

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ৮১ জন নিহত হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকা দখলে নিতে হুতিরা স্থল অভিযান শুরু করায় সংঘাত আরও বেড়েছে।
গুরুত্বপূর্ণ এই নৌপথটির নিয়ন্ত্রণ হুতিদের হাতে গেলে লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর বড় ধরনের প্রভাব তৈরির সুযোগ পাবে তারা। বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হলো লোহিত সাগর।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় এলাকায় সরকারি বাহিনীর এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে তাদের ২৪ সদস্য নিহত হয়েছেন। তায়েজ এলাকায় নিহত হয়েছেন আরও ১৫ সরকারি সেনা।

অন্যদিকে চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৪২ হুতি যোদ্ধা নিহত হয়েছেন।
ইয়েমেনে নতুন করে এই সংঘাত শুরু হলো এমন এক সময়ে, যখন পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থার মধ্যে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার পাশাপাশি হুতিরাও বাব আল-মান্দাবকে সংঘাতের নতুন কেন্দ্র বানানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করছে। একই সঙ্গে লোহিত সাগর অবরোধের হুমকিও দিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা রকেট ও ড্রোন হামলার পাশাপাশি বাব আল-মান্দাব প্রণালির দক্ষিণ উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলে নিতে স্থল অভিযান চালাচ্ছে।

এএফপির সামরিক সূত্রগুলো জানিয়েছে, হুতিদের প্রধান লক্ষ্য সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন বন্দরনগরী মোখাকে বিচ্ছিন্ন করে দেয়া। শহরটি কয়েক সপ্তাহ ধরে হামলার মুখে রয়েছে। এরপর বাব আল-মান্দাবের কাছাকাছি এলাকাগুলোর দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সৌদির নির্দেশে এডেন থেকে তায়েজে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, উপকূলের দিকে অগ্রসর হওয়ার আগে বাব আল-মান্দাব ও মোখাকে ঘিরে থাকা পাহাড়ি এলাকাগুলো নিয়ন্ত্রণে নিতে চায় হুতিরা।