ধর্ম পালনে কাউকে বাধা দিতে দেয়া হবে না— উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সমাজ থেকে সব ধরনের অপশক্তি দূর করতে চাই। এই সংগ্রামে সবাইকে পাশে পাবো বলে আশা রাখি। যেকোনো অশুভ ও অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, ত্রাণ বিতরণ এবং শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন মন্ত্রী দিনের শুরুতে সকাল ৮টায় শৈলকুপা উপজেলা চত্বরের পুকুরে ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন । এ সময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে কেবল সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও আমিষের চাহিদা পূরণে সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শৈলকুপা রামগোপাল মন্দির চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী।
সেখানে তিনি বলেন, "সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্ম পালনে কোনো বাধা দেবে না। সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ধর্ম পালন করতে পারে—আমরা সেটিই চাই। বর্তমান বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা ও শান্তিময় পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করছেন।
ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ স্মরণ করে তিনি আরও বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করাই ছিল তাঁর মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করব, সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন।
আলোচনা সভা শেষে আইনমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালিতে সরাসরি অংশ নেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ধর্ম পালনে কাউকে বাধা দিতে দেয়া হবে না: আইনমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৫ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
