নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য উন্নত ড্রোন প্রযুক্তিসম্পন্ন ১৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিমের অংশ হিসেবে দলটি শুক্রবার সিডনি বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা হয়েছে।
দলটিতে নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ-এর ছয়জন দূরনিয়ন্ত্রিত ড্রোন চালক ও চারজন ঘটনা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রয়েছেন। তারা নেপালের দুর্গম ও বিপজ্জনক এলাকাগুলোতে আকাশপথে অনুসন্ধান, ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও উদ্ধার তৎপরতায় সহায়তা করবেন।
নতুন মোতায়েন হওয়া বিশেষজ্ঞরা উন্নত ড্রোন ব্যবহার করে থার্মাল ইমেজিং, রিয়েল-টাইম ভিডিও, ভূ-স্থানিক তথ্য সংগ্রহ, ৩ডি ম্যাপিং ও ক্ষয়ক্ষতির চিত্র তৈরি করবেন। যেসব এলাকায় স্থল দলের প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেসব এলাকায় ড্রোন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।
নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ জানিয়েছে, তাদের ড্রোন বহরে ছোট আকারের এমন ড্রোন রয়েছে, যা সংকীর্ণ ও ধ্বংসস্তূপপূর্ণ এলাকায় ঢুকে আটকে পড়া বা আহত ব্যক্তিদের শনাক্ত করতে পারে। বড় ড্রোন ব্যবহার করা হবে বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির চিত্রায়ণে। ড্রোনগুলোর অন্যান্য সক্ষমতার মধ্যে রয়েছে তাপের উৎস ও জীবিত ব্যক্তিদের শনাক্তে থার্মাল ক্যামেরা, জরুরি আলোকসজ্জার জন্য স্পটলাইট, ভুক্তভোগী ও উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য স্পিকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা।
নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ কমিশনার জেরেমি ফিউট্রেল বলেন, তাঁর কর্মীরা যেকোনো দুর্যোগ মোকাবিলার জন্য প্রশিক্ষিত। নেপালে পাঠানো দলটি স্বনির্ভর থাকবে এবং নিজেদের খাবার, পানি, ওষুধ ও তাঁবু সঙ্গে বহন করবে, যাতে স্থানীয় সম্পদের ওপর বাড়তি চাপ না পড়ে। তিনি বলেন, স্থলবাহিনীর জন্য অত্যন্ত বিপজ্জনক এলাকাগুলোতে ড্রোন উড়িয়ে উদ্ধার অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, নেপালে ৩৮ জন অস্ট্রেলিয়ান নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের নিয়ে সরকার ‘গভীরভাবে উদ্বিগ্ন’। নিখোঁজদের সন্ধানে নেপালি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে অস্ট্রেলিয়া। পেনি ওং বলেন, ‘যতদিন তারা নিখোঁজ থাকবেন, ততদিন প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টায় সেই উদ্বেগ আরও গভীর হবে। আমরা সবাই আশা ধরে রাখি, এবং আমাদের অবশ্যই আশা রাখতে হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, নতুন দলটিতে নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ ও কুইন্সল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা রয়েছেন। এতে নেপালে অস্ট্রেলিয়ার মোতায়েন করা কর্মীর সংখ্যা বেড়ে ৩৪-এ দাঁড়িয়েছে। এদিকে নেপালের জন্য আরও ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছেন অ্যালবানিজ। এর ফলে দেশটির জন্য অস্ট্রেলিয়ার মোট মানবিক সহায়তার পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, নেপালি কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী আরও অনুসন্ধান, উদ্ধার ও পুনরুদ্ধার সহায়তা দিতে তারা প্রস্তুত।
