মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের গহীন পাহাড়ি এলাকায় রাতভর যৌথ বাহিনী অভিযানে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামক জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়। উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির বয়স ৫৫-৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সিতাবের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন মাছ শিকারী। পাহাড়ি ছড়ায় মাছ ধরতে গিয়ে আকস্মিকভাবে মরদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই দুর্গম এই পাহাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার অভিযানে নামে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ দল। তাদের স্থানীয় ভাবে সার্বিক সহযোগিতা করেন চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব এবং স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর সবার সম্মিলিত সহযোগিতায় শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করে বনের গিরিপথ ডিঙিয়ে লোকালয়ে ফিরে উদ্ধারকারী দল।

অভিযানকালে রাতভর বনের কলাবন অবস্থান করেন কমলগঞ্জের ইউএনও সন্দীপ তালুকদার, ওসি কমর উদ্দিন সহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের কাজ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।