মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তার এক ছেলে ও এক মেয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে।
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ৪১ আসামির একজন ফারজানা রুপা। এই মামলায় তিনিসহ ১১ আসামি গ্রেপ্তার আছেন।
দেশের বাইরে যাওয়ার সময় ২০২৪ সালের ২১শে অগাস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও তার স্বামী একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের। ওই মামলায় পরের দিন তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচদিনের রিমান্ড হয়।
২০২৪ সালের ৩১শে আগস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
২০২৬ সালের ১১ই মে হাইকোর্ট ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল। তবে আরও একটি মামলায় জামিন না হওয়ায় তখন তারা মুক্তি পাননি। পরে ৭ই জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাদের ওই জামিনের আদেশ স্থগিত করেন। একইসঙ্গে জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়।
একাত্তর টেলিভিশন ২০২৪ সালের ৮ই আগস্ট শাকিল ও রুপাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছিল।
