‘তরুণদের নতুন চিন্তা ও উদ্ভাবনে এগিয়ে যাবে বাংলাদেশ’

ফন্ট সাইজ:

মেধাবী, দক্ষ ও নৈতিক তরুণদের হাত ধরেই বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সমাজচিন্তক সাঈদ আল নোমান। গত বুধবার সন্ধ্যায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়া চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাঈদ আল নোমান বলেন, তাদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসা রয়েছে। ভবিষ্যৎ জীবনে আরও বড় অর্জনের জন্য শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্র ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নেতৃত্ব কোনো ক্ষমতা কিংবা রাজকীয় পদ নয়; নেতৃত্ব হলো জনগণের সেবা করার দায়িত্ব। দেশের প্রয়োজনে তরুণদের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে প্রযুক্তির পাশাপাশি মেধা, জ্ঞান ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তরুণদের নিজেদের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না রেখে নতুন চিন্তা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. ছিদ্দিক আহমদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএ সবুর, নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, আব্দুল হালিম শাহ আলম, এস কে খোদা তোতন, এমএ হাশেম, কামরুল ইসলাম, মোশাররফ হোসেন ডিপ্টি, শেখ নুরুল্লাহ বাহার, শ ম জামালসহ বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল।