গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ৪৪ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগেই ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি হয়েছে। তাদের নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৮৬ জনের প্রাণহানি হয়েছে।
এর মধ্যে হামের উপসর্গে ৮৮৭ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৬৪ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৫২৭ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ শিশু ছাড়পত্র পেয়েছে।
