নিউ ইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. সুকমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলাইমান ভূঁইয়া।
প্রধান বক্তার বক্তব্যে ড. সুকমল বড়ুয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মুক্তবাজার অর্থনীতি ও ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুর পর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের আদর্শ ও রাজনৈতিক পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিচ্ছেন। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দায়িত্ব গ্রহণ করে তিনি সুশাসন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন।
সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তনের মাধ্যমেই আধুনিক বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল। বেগম খালেদা জিয়ার আন্দোলন এবং তার রেখে যাওয়া রাষ্ট্রচিন্তাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি আধুনিক, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিচ্ছেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল, সৈয়দ মুরাদুল হাসান রেজা, জাকির এইচ চৌধুরী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ান, মাকসুদ চৌধুরী, নাছিম আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, শেখ আলী, এম শহিদুল ইসলাম, ডা. তারেক জামান, নূর আলম, হাবিবুর রহমান হাবিব, শেখ জহির, ফরহাদ হোসেন মৃধা, মোরশেদ আলম, মোহাম্মদ নুরুজ্জামান লালটু, মো. বাচ্চু মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম সারোয়ার, মো. সারওয়ার আবুল কালাম দুলালসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
