সিরাজগঞ্জে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সদরে যাত্রীবাহী বাসের চাপায় নাদিয়া (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহর-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডিদাসগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে ও রাশিদুজ্জোহা মহিলা কলেজের শিক্ষার্থী। আহতরা হলেন— অটোরিকশাচালক নজরুল ইসলাম, যাত্রী সুমাইয়া খাতুন ও তানজীদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নলকা থেকে শহরগামী অটোরিকশা চণ্ডিদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চাকা খুলে যায়। পরে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অজ্ঞাত যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয় এবং অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি উদ্ধারের পর নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।