আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে তালেবান সরকার। মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মধ্যেই বুধবার (২ সেপ্টেম্বর) তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ নিষিদ্ধের এই আদেশ ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
পাঁচ বছরেরও বেশি সময় আগে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে বিক্ষোভের ঘটনা খুবই বিরল। তবে গত মাসে সরকার একটি নতুন বিধি জারি করে জানিয়েছে, ‘সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।’
তালেবান সরকারের এই আইনকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের অভিযোগ, এর মাধ্যমে আফগানিস্তানে ভিন্নমত ও সরকারের সমালোচনার সুযোগ আরও সংকুচিত করা হচ্ছে।
তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই আইন ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
তিনি আরও দাবি করেন, ‘ইসলামী আইনে বিক্ষোভের কোনো অস্তিত্ব নেই।’
মুজাহিদ বলেন, ‘বিক্ষোভ এমন সমাজব্যবস্থার অংশ, যেখানে বিভিন্ন ধরনের আইন প্রতিষ্ঠিত রয়েছে- যেমন গণতন্ত্র বা প্রজাতন্ত্র।’
তার ভাষ্য, ইসলামী শাসনব্যবস্থায় জনগণ বিক্ষোভ বা সমাবেশের পরিবর্তে তাদের অভিযোগ ও উদ্বেগ সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারে।
