লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৭ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত নাগরিকদের অভ্যর্থনা জানান। অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ায় অর্জিত এই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা স্বজন ও প্রতিবেশীদের কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশি নাগরিককে যাতায়াত খরচ, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের সহায়তা করা হয়।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ পৌঁছানোর উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময় অপহরণ, মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন।
