‘গোটা বিশ্ব পাকিস্তানকে নিয়ে হাসছে’

ফন্ট সাইজ:

ইংল্যান্ড সিরিজের মাঝপথে পাকিস্তান দলে বড় পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন পিসিবির নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদ। তার দাবি, অধিনায়ক বাবর আজম এবং প্রধান কোচ সরফরাজ আহমেদ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান দল এখন মানুষের হাসির খোরাকে পরিণত হয়েছে। টানা দুই টেস্ট হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে সাত পরিবর্তন এনেছে সফরকারীরা। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে সাদা বলের কোচ মাইক হেসনকে। এই আকস্মিক পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে জিও টিভিকে আকিব বলেন, দলের হাতে প্রয়োজনীয় বিকল্প থাকা সত্ত্বেও সেগুলোর যথাযথ ব্যবহার করা হয়নি। আকিব বলেন, ‘তাদের (টিম ম্যানেজমেন্টের) হাতে একজন পেস বোলিং অলরাউন্ডার, দ্বিতীয় একজন উইকেটকিপার এবং উবাইদ শাহর মতো একজন ফাস্ট বোলার ছিল। কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেয়া হচ্ছিল না। আমি অধিনায়ক (বাবর আজম) ও কোচের সঙ্গে কথা বলেছি এবং উবাইদকে দলে নেয়ার কথা বলেছি, কারণ অন্য বোলাররা (মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী ও খুররম শাহজাদ) সবাই প্রায় একই গতির।’

পাকিস্তানের বোলিং আক্রমণে গতি ও বৈচিত্র্যের অভাব ছিল বলেও মনে করেন আকিব। তার মতে, সেরা সাতের কোনো ব্যাটার বল করতে না পারায় একজন অলরাউন্ডারকে দলে নেয়া প্রয়োজন ছিল। একই সঙ্গে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করা উবাইদ শাহকে খেলানোর সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ছিল।

আকিব বলেন, ‘আমাদের টপ সেভেনের কোনো ব্যাটারই বল করতে পারে না। আমাদের একজন অলরাউন্ডারকে নেওয়া উচিত ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উবাইদ শাহকে খেলানো, যে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে। একজন সত্যিকারের ফাস্ট বোলার আপনার বোলিং আক্রমণের পুরো সমন্বয় বদলে দিতে পারে।’ টিম ম্যানেজমেন্টের আরও কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আকিব। ফর্মহীন সালমান আগাকে বাদ দেয়ার সিদ্ধান্ত তিনি সমর্থন করলেও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে গাজি ঘোরিকে খেলানো উচিত ছিল বলে মনে করেন। এই প্রসঙ্গে আকিব বলেন, ‘আমি সালমান আগাকে বাদ দেয়ার সিদ্ধান্ত বুঝতে পারি, সে ফর্মে নেই। কিন্তু উইকেটকিপার হিসেবে মোহাম্মদ রিজওয়ানের বদলে গাজি ঘোরিকে খেলানো উচিত ছিল। ম্যানেজমেন্ট যখন কঠিন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তখন পদক্ষেপ নিতেই হয়। আমরা ইতোমধ্যে সিরিজ হেরে গেছি, আর আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছি না বলে গোটা বিশ্ব আমাদের নিয়ে হাসছে।’