অস্ট্রেলিয়ায় সবশেষ সফরে বাংলাদেশ ইতিহাস গড়লেও হাসেনি মুশফিকুর রহীমের ব্যাট। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের ফিফটি— সব কিছু থাকলেও মুশফিক ছিলেন নিষ্প্রভ। তবে র্যাঙ্কিংয়ে তামিম, শান্তদের পাশ কাটিয়ে শুধু উন্নতি হয়েছে মুশফিকের। সতীর্থদের কারও অবনতি হয়েছে, কেউবা আগের জায়গাতেই আছেন। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের মধ্যে এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মুশফিক। তার রেটিং পয়েন্ট ৬৭২। অস্ট্রেলিয়া সিরিজে তিন ইনিংস খেলে সাকল্যে করেন ৭০ রান। ৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৩৪ নম্বরে রয়েছেন লিটন দাস। লিটন তিন ইনিংস ব্যাটিং করে অস্ট্রেলিয়া
সফরে রানের খাতাই খুলতে পারেননি। এক ধাপ পিছিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে শান্ত।
অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় সর্বোচ্চ ১১৫ রান আসে তার ব্যাটে। সিরিজে সর্বোচ্চ দুই রানসংগ্রাহক ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথ করেন ১৮৪ ও ১৫৭ রান। অস্ট্রেলিয়া সিরিজের পর সাদমান ইসলাম-মুমিনুল হকরা এক ধাপ করে পিছিয়েছেন। ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে মুমিনুল র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে। ৬৬ নম্বরে থাকা সাদমানের রেটিং পয়েন্ট ৪৫৯। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে সাদমান ও মুমিনুল করেন ৪৬ ও ৮৮ রান। এছাড়া টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার ডেরায় নিয়েছেন ২ উইকেট। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দুই টেস্ট এবং ভারত-শ্রীলঙ্কা সিরিজ শেষে র্যাঙ্কিংয়ে অনেক অদলবদল হয়েছে। সেরা দশে এসেছেন ওলি রবিনসন। ৮৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের ষষ্ঠ বোলার তিনি। এগিয়েছেন পাঁচ ধাপ। হেডিংলি ও লর্ডসে জিতে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। এছাড়া কলম্বোতে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতের নিশ্চিত জয় কেড়ে নিয়ে ড্র করে সোনাল দিনুশা লম্বা লাফ দিয়েছেন। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে ২৫ নম্বরে তিনি। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ৪২০ রান। ব্যাটিং করেছেন ১৪০ গড়ে। ৮৭২ রেটিং নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মিচেল স্টার্ক। সেরা তিনে জায়গা অদলবদল হয়েছে জসপ্রিত বুমরা ও ম্যাট হেনরির। দুই ও তিনে থাকা হেনরি ও বুমরার রেটিং পয়েন্ট ৮৬১ ও ৮৫৩। হেনরি এক ধাপ এগিয়েছেন। বুমরা পিয়েছেন এক ধাপ। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনের পরিবর্তনটা বোলারদের মতোই। ৮৫৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হ্যারি ব্রুক। সেরা তিনে জায়গা অদলবদল হয়েছে স্টিভ স্মিথ ও জো রুটের। দুই ও তিনে থাকা স্মিথ ও রুটের রেটিং পয়েন্ট ৮৪০ ও ৮২০।
