রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডের এনএলডিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডের এনএলডিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে

ফন্ট সাইজ:

জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এনএলডিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের প্রয়োজনীয় তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) SCADA/EMS ব্যবস্থায় সংযুক্ত করার লক্ষ্যে বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ও GE Vernova -এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর ৮টি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের নির্ধারিত গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্য এনএলডিসি’র SCADA/EMS ব্যবস্থায় ইন্টিগ্রেট করা হবে। এই কারিগরি ইন্টিগ্রেশনের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য ও সংকেত জাতীয় গ্রিড পরিচালনার নিয়ন্ত্রণব্যবস্থায় পাওয়া যাবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকেন্দ্র থেকে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য পর্যবেক্ষণ ও ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তারা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালন এবং কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশন একটি গুরুত্বপূর্ণ কারিগরি পদক্ষেপ।
উল্লেখ্য, এনএলডিসি’র SCADA/EMS ব্যবস্থায় ইন্টিগ্রেশন কার্যক্রম GE Vernova -এর মাধ্যমে দেশের সকল বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রেই সম্পাদিত হয়ে থাকে। এ প্রেক্ষাপটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসি’র এর SCADA/EMS ব্যবস্থায় সংযুক্ত করার কার্যক্রম GE Vernova-এর সঙ্গে চুক্তির মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে মতামত প্রদান করা হয়েছে।

বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ফুয়েল লোডিং-পরবর্তী পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত কমিশনিং ও অপারেশনাল সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার স্বার্থে SCADA/EMS ইন্টিগ্রেশন কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করা প্রয়োজন।