বগুড়ার শেরপুর উপজেলায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৪০)ও হানজালা (৩৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহিপুর এলাকায় ঢাকাগামী কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকটি তিনজন মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে অজ্ঞাত একটি যানবাহন তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দু’জন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘তিনজন ট্রাকটি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তারা হতাহত হন।’
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুর্ঘটনার পর ধাক্কা দেয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি। পুলিশ সেটি শনাক্তের চেষ্টা করছে।’
