প্রক্সি দিয়ে পরীক্ষা চাকরিতে যোগ দিতে এসে পিএসসিতে আটক ১

ফন্ট সাইজ:

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহারের অভিযোগে মো. রিপন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার চাকরিতে যোগ দিতে বিপিএসসি সচিবালয়ে গেলে পরিচয় যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহারও দায়ের করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার অফিস সহায়ক পদে চাকরিতে যোগদানের উদ্দেশ্যে পিএসসি সচিবালয়ে উপস্থিত হন মো. রিপন হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই করতে গিয়ে প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তার চেহারা মিলিয়ে দেখেন। পাশাপাশি মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়। এতে প্রবেশপত্রের ছবি ও সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির সঙ্গে বর্তমান উপস্থিত রিপন হোসেনের চেহারায় অসঙ্গতি পাওয়া যায়। এতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে উপ-পরিচালক শোভন সমাদ্দারকে জানান। পরে তিনি বিষয়টি উপ-সচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। এরপর কর্মকর্তারা রিপন হোসেনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন হোসেন স্বীকার করেন। তিনি জানান, ওই নিয়োগের লিখিত ও মৌখিক কোনো পরীক্ষাতেই নিজে অংশ নেননি। অন্য ব্যক্তিকে দিয়ে উভয় পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়েছিল বলে স্বীকার করেন। আটক মো. রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। তিনি অফিস সহায়ক পদে প্রার্থী ছিলেন। তার রোল নম্বর ২১০১১৮৭। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পিএসসি।