সিলেটে আকাশপথে জট খুলেছে, সালাম এয়ারের যাত্রা শুরু

সিলেটে আকাশপথে জট খুলেছে, সালাম এয়ারের যাত্রা শুরু

ফন্ট সাইজ:

আট বছর পর সিলেটের আকাশপথে জট খুলেছে। ফ্লাই দুবাই বন্ধ হওয়ার পর কোনো বিদেশি উড়োজাহাজ কোম্পানি এ রুটে ফ্লাইট পরিচালনা করেনি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কেবল বাংলাদেশ বিমানই যাত্রী পরিবহন করছিল। তবে দাবি ছিল- সিলেটের আকাশপথ সবার জন্য খুলে দেয়া। এতে বাড়বে প্রতিযোগিতা, কম যাতায়াত ব্যয়ও। যাত্রীরা পাবে সুবিধা। এ দাবির প্রতি সম্মান জানিয়েছে বর্তমান সরকার। কয়েক মাস আগে সিলেটে একটি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুনিয়েছিলেন আশার বাণী। তিনি সিলেটের আকাশ সবার জন্য খুলে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটলো গতকাল। সিলেট থেকে ফ্লাইট অপারেট করেছে ওমানভিত্তিক সালাম এয়ার।

এখন থেকে সপ্তাহে তিন দিন সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করবে। এভিয়েশন সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরে সিলেট থেকে ফ্লাইট অপারেট করতে যাচ্ছে এয়ার এরাবিয়া। এ ব্যাপারে কার্যক্রম শুরু করা হয়েছে। এরপর আগামী বছর প্রথম দিকে ফ্লাইট শুরু করতে পারে ফ্লাই দুবাইও। এই তিন কোম্পানির উড়োজাহাজ সিলেট থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করলে সিলেটের শ্রমিক সহ ওমরাহ যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এখন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর। আধুনিকায়নের কাজ চলছে।

ফলে এখন থেকে বাইরের উড়োজাহাজ কোম্পানির ফ্লাইট চলাচল করতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ বিমান মধ্যপ্রাচ্য ছাড়াও বৃটেন রুটে এই বিমানবন্দর থেকে ফ্লাইট অপারেট
করছে। বৃটেনের ম্যানচেস্টার ও হিথ্রো থেকে ফ্লাইট আসে সিলেটে। আবার সিলেট থেকে ওইসব রুটে যায়ও। ফলে বৃটেন যাত্রীরা স্বস্তি পেলেও অস্বস্তির মধ্যে এখনো রয়েছেন আমেরিকা রুটের যাত্রীরা। সরাসরি সিলেটে আসার সুযোগ এখনো তাদের জন্য তৈরি হয়নি। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে সিলেট রুটে ফ্লাইট চালু হওয়ার পর আমেরিকা রুটের যাত্রীরা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ঢাকায় না এসে তারা আমেরিকা বা কানাডা থেকে এমিরেটস ব্যবহার করে দুবাই এসে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেট আসতে পারতেন।

এতে করে যাত্রা শুরুর পর থেকে ফ্লাই দুবাইয়ের প্রতি ওই রুটের যাত্রীদের চাহিদা বেড়ে যায়। এক বছর ফ্লাইট চালুর পর জটিলতা দেখা দেয়ায় ফ্লাই দুবাই সিলেট রুটে অপারেট বন্ধ করে দেয়। যদিও তখন ফ্লাই দুবাই ঘোষণা দিয়েছিল- যাত্রী কমে যাওয়ায় তারা ফ্লাইট অপারেট বন্ধ করে দিচ্ছে। তবে ফ্লাই দুবাই সিলেট থেকে দুবাই ও শারজাহ রুটে ফ্লাইট অপারেট করেছিল। ওই সময় তাদের টিকিটের মূল্য কম ছিল। ফলে প্রতিযোগিতায় টিকতে গিয়ে বিমানও একই সময় টিকিটের দাম কমিয়ে দেয়। পরে যখন ফ্লাই দুবাই বন্ধ করে দেয়, তখন বিমান তাদের ভাড়া পূর্বের জায়গায় নিয়ে যায়। সালাম এয়ার ফ্লাইট চালু করায় ফ্লাই দুবাই আরব আমিরাত রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আর এয়ার এরাবিয়া শারজাহ রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সালাম এয়ারের সিলেট রিজিওনাল ম্যানেজার সেলিম আল রাজি মানবজমিনকে জানিয়েছেন, সালাম এয়ার সিলেট থেকে মাস্কাট রুটে ফ্লাইট অপারেট করছে।

গতকাল সকাল ৭টা ৩৫ মিনিটে ওমানের মাস্কাট থেকে প্রথম ফ্লাইটটি ১৩৩ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এ সময় রানওয়েতে ওই ফ্লাইটকে এভিয়েশন রুলস অনুযায়ী ওয়াটার স্যালুটেশন দেয়া হয়। ওই ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে ২২৩ জন যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি বলেন, এখন থেকে সপ্তাহে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট চলবে। আগামী মাস থেকে সপ্তাহে ৫ দিন এবং পরবর্তীতে সপ্তাহে ৭ দিন ফ্লাইট চালু করার চিন্তা-ভাবনা রয়েছে। প্রথম ফ্লাইটটির সিট সব বুকিং ছিল বলে জানান তিনি। এদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন বোর্ডিং ব্রিজ সম্বলিত যাত্রী লাউন্স নির্মাণ করা হচ্ছে। কার্গো হাউজের কাজ অনেক আগেই শেষ হয়েছে। ফলে কার্গো বিমান অপারেট করারও প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। বৃটেনের পথে কার্গো বিমান চলাচল করবে বলে আশা করছেন সরকারের সংশ্লিষ্টরা।