সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, যতবার বাংলাদেশের গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে ও দেশকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা হয়েছে, ততবারই ত্রাণকর্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবির্ভূত হয়েছে।
মঙ্গলবার (১’লা সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুতুল বলেন, ১৯৯০ সালে গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। স্বাধীনতার ঘোষক নিয়েও বারবার ইতিহাস বিতর্কিত করার চেষ্টা হয়েছে। তবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেশের মানুষ শুনেছিল। ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও ইতিহাস তার সত্যকে প্রতিষ্ঠিত করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে মাফিয়াতন্ত্রে দেশকে ছেয়ে দেওয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস ও একটি মেরুদণ্ডহীন বাংলাদেশ গড়ার অপচেষ্টা করা হয়েছিল। সেই পরিস্থিতি থেকে বিএনপির হাত ধরেই আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে দেশের প্রতিটি প্রান্তে কাজ করছেন।
বিএনপিকে জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শত নিপীড়ন-নির্যাতনের পরও কারও কাছে মাথা নত করেননি। তাঁর দেখানো পথে একটি মেরুদণ্ডসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমান কাজ করছেন।
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। আগামীতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার নীতিগত সিদ্ধান্ত, শিশুদের স্কুলব্যাগ বিতরণ এবং দুস্থ, অসুস্থ ও প্রতিবন্ধীদের সহায়তা দেয়া হচ্ছে।
মাদককে দেশের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ সময় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সন্তানদের প্রতি নজর দেয়ার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু সহস্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
