ভারতে সিজেপি আন্দোলনকারীদের সব এফআইআর বাতিল

ভারতে সিজেপি আন্দোলনকারীদের সব এফআইআর বাতিল

ফন্ট সাইজ:

ভারতের সুপ্রিম কোর্ট গত ২০ থেকে ২৫ জুলাই বিক্ষোভের জেরে আন্দেলনকারীদের বিরুদ্ধে দিল্লি ও অন্যান্য রাজ্যে যেসব মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতে স্বস্তি পাওয়ার পরই আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যে প্রতিবাদ মিছিলের ডাক দেয়া হয়েছিল সেটা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

নিট প্রশ্নপত্রে কারচুপির অভিযোগে গত ২০ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাসহ পাঁচ দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল সিজেপি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী সেদিন দিল্লিতে হাজির হয়েছিলেন। তবে সংসদ অভিযান চলাকালীন দিল্লি পুলিশ লাঠিচার্জ কাঁদানে গ্যাস ব্যবহার করেছিল। এমনকী পেলেট গান ব্যবহার করারও অভিযোগ উঠেছে।
সে সময় বহু আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়। একইভাবে বিভিন্ন রাজ্যেও জেন জি বিক্ষোভ দেখিয়েছিল। সেই সব রাজ্যেও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

যন্তর মন্তরে বিক্ষোভ প্রত্যাহার করার জন্য সিজেপি শর্ত দিয়েছিল, যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। কেন্দ্র সেটা লিখিতভাবে মেনেও নিয়েছিল।
কিন্তু অভিযোগ ওঠে, লিখিত আশ্বাসের পরও বহু জেন জি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি। দিল্লি পুলিশ তো বটেই অন্য একাধিক রাজ্যেও মামলা চালিয়ে যাওয়া হচ্ছে। যার ফলে একপ্রকার বাধ্য হয়ে ফের বিক্ষোভের ডাক দেয় সিজেপি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে মেগা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকেরা।
এ নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। দিল্লি পুলিশের পাশাপাশি আসাম-বিহার-মহারাষ্ট্র-পশ্চিমবঙ্গ পুলিশও মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ মোট আটটি মামলা প্রত্যাহার করার আর্জি জানিয়েছিল। সেগুলো মেনে নিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে মামলাগুলো দায়ের হয়েছে সেসব প্রত্যাহার করতে হবে। ২০-২৫ জুলাই বিক্ষোভের জেরে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে আর কোনও মামলা দায়ের করা যাবে না।
তবে দিল্লি পুলিশ যে ২ হাজার ৮৭৩ জন দাগিকে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধে মামলা চলবে।
২৫ জুলাই কেন্দ্রীয় সরকার এবং সিজেপির মধ্যে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে মঙ্গলবার আদালতকে বিস্তারিত তথ্য দিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার পরেই তিনি দিল্লি পুলিশের আবেদনের কথা উল্লেখ করেন।
আবেদনে দিল্লি পুলিশ জানায়, অতীতে অপরাধের মামলা রয়েছে এমন ২ হাজার ৮৭৩ আন্দোলনকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর করা হবে। মেহতা এ-ও জানিয়েছেন, প্রতিশ্রুতি রেখে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বাতিলের আবেদন করেছে।

নিট কেলেঙ্কারির পরে যেসব শিক্ষার্থী আত্মঘাতী হয়েছেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। সেই প্রক্রিয়া নিয়ে ভাবনাচিন্তার জন্য তিন মাস সময় চেয়েছে তারা। সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের প্রক্রিয়া চূড়ান্ত করতে তিন মাস সময় দিয়েছে।