অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ মার্নাস লাবুশেন

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ মার্নাস লাবুশেন

ফন্ট সাইজ:

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অফফর্মের কারণে দল থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেন। তরুণদের ওপর আস্থা রাখার পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন নবীন অলরাউন্ডার জোয়েল ডেভিস ও তরুণ বাঁহাতি ব্যাটার অলি পিক।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই ছয় ম্যাচের সিরিজকে মূল প্রস্তুতি হিসেবে দেখছে অস্ট্রেলিয়ার নির্বাচরা। জিম্বাবুয়ে সফরে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও পেস আক্রমণের অন্যতম মূল অস্ত্র মিচেল স্টার্ককে বিশ্রাম দেয়া হয়েছে। তারা কেবল দক্ষিণ আফ্রিকা পর্বের ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন। জিম্বাবুয়েতে দলের নেতৃত্বের দায়িত্বে থাকবেন মিচেল মার্শ। আর দক্ষিণ আফ্রিকায় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মার্শ ও কামিন্স যৌথভাবে দায়িত্ব সামলাবেন।

মার্শ ও ট্রাভিস হেড দলে ফেরায় কপাল পুড়েছে লাবুশেনের। পাকিস্তান ও বাংলাদেশ সফরে রান খরায় ভোগা এই ব্যাটারকে ছাড়াই আসন্ন সফরের পরিকল্পনা সাজিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। তবে তরুণদের সুযোগ দিতে গিয়ে ভারতের মাটিতে হতে যাওয়া 'এ' দলের সফর ও মূল ওয়ানডে দলের সূচির মধ্যে সমন্বয় বজায় রেখেছেন নির্বাচকেরা। কুপার কনোলি, অলি পিক ও জোয়েল ডেভিসকে আন্তর্জাতিক ওয়ানডে স্কোয়াডেই রেখে দেয়া হয়েছে। পেস আক্রমণ শক্তিশালী করতে চোট কাটিয়ে ফেরা স্পেন্সার জনসন ও বিলি স্ট্যানলেককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। জশ হ্যাজেলউড শুরু থেকেই দুই সিরিজেই থাকবেন।

আগামী ১৫ই সেপ্টেম্বর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এই সফর। এরপর ২৪শে সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড:
জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, প্যাট কামিন্স (শুধু দক্ষিণ আফ্রিকা পর্ব), জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ (অধিনায়ক), অলিভার পিক, ম্যাথিউ রেনশ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক (শুধু দক্ষিণ আফ্রিকা পর্ব) ও অ্যাডাম জাম্পা।