ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী, রায় কার্যকরের দাবি

ফন্ট সাইজ:

আলোচিত শিশু আছিয়ার হত্যা মামলায় হাইকোর্টের দেয়া ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আছিয়ার মা আয়েশা আক্তার। তবে রায় ঘোষণায় খুশি হলেও ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত পূর্ণ সন্তুষ্ট নন তিনি। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। সোমবার হাইকোর্টের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, রায়ে তিনি খুশি হয়েছেন। তবে এখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি।
এদিকে হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তবে তাদের দাবি, আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে যেন দণ্ড কার্যকর করা হয়। স্থানীয় বাসিন্দা জগদিশ অধিকারী বলেন, এই রায়ে আমরা খুশি, তবে আমরা চাই, দ্রুত এই রায় কার্যকর করা হোক। তাহলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীরা ভয় পাবে। পরিবারের স্বজন ও স্থানীয়দের আশঙ্কা, দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর না হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। তাই কোনো ধরনের ক্ষমা নয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের।
স্বজন আকলিমা খাতুন বলেন, আমরা চাই দ্রুত রায় কার্যকর করা হোক। যদি দ্রুত কার্যকর না হয়, তাহলে অপরাধ এভাবেই বাড়তে থাকবে। এই অপরাধের যেন কোনো ক্ষমা না হয়। আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, আজকে হাইকোর্ট থেকে ফাঁসির রায় দিয়েছে, এতে আমি খুশি হয়েছি। আমি চাই, দ্রুত এই ফাঁসির রায় কার্যকর করা হোক। হাইকোর্টের রায়ে স্বস্তি ফিরলেও, নিহতের পরিবার ও স্থানীয়দের অপেক্ষা এখন রায় কার্যকরের। তাদের প্রত্যাশা, সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে দণ্ড কার্যকর করা হবে।