রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সরকার ট্রাকপ্রতি মালামাল পরিবহনের ওজন নির্ধারণ করে দেয়া এবং তা রোববার থেকে কার্যকর করার ঘোষণা দেয়ার প্রতিবাদে ভারতের হিলি বন্দরের ব্যবসায়ীদের সকল সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বন্দরের ব্যবসায়ী সূত্রে জানা গেছে।
বন্দরের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার মালামাল পরিবহনের ক্ষেত্রে ট্রাকপ্রতি ১০ থেকে ১৫ টন ওজন কমিয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ চাকার ট্রাকে ২০ টনের বেশি পণ্য নেয়া যাবে না এবং ১০ চাকার ট্রাকে ৩০ টন পণ্য পরিবহনের সীমা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, পশ্চিমবঙ্গের অন্যান্য বর্ডারের মতো তারা পণ্য পরিবহন করতে চান, কিন্তু ভারতীয় সরকার পশ্চিমবঙ্গের অন্যান্য বর্ডার ঠিক রেখে হিলির প্রতি দ্বিচারিতা আচরণ করছে। ট্রাকপ্রতি পণ্যের পরিমাণ কমিয়ে দেয়ায় পরিবহন ব্যয় বাড়ছে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে অতিরিক্ত খরচের বোঝা তৈরি হচ্ছে। ফলে আমদানি রপ্তানিতে ব্যবসারীরা নিরুৎসাহিত হচ্ছেন, বাণিজ্য কমে যাচ্ছে। বেকার হয়ে পড়ছে বন্দরকেন্দ্রিক সাধারণ মানুষজন, ব্যবসায় নেমে এসেছে ভাটা।
বাংলা হিলি সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীরা তাদের একটি চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভারত অভ্যন্তরে সে দেশের সরকার বন্দরে কার্যক্রমের প্রতি দ্বিচারিতা আচরণ করছে। এই আচরণের কারণে ব্যবসা-বাণিজ্য গতিহীন হয়ে পড়ছে। ব্যবসা-বাণিজ্যকে ত্বরান্বিত করতে ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছেন। সে আন্দোলনের কারণে গত রোববার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দেশের অভ্যন্তরে পানামা পোট লিংকে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কারণে ভারত অভ্যন্তরে পাইপলাইনে শত শত ট্রাক গম, ভুসি, পাথরসহ বিভিন্ন ধরনের পণ্য আটকা পড়ে আছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়া হোসেন জানান, হিলি ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
