চট্টগ্রামে প্রাইভেটকারে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের কদম মোবারক এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. আরিফুল ইসলাম ভূঞা (২১)। তিনি খাগড়াছড়ির রামগড় থানার সদু কার্বারী পাড়ার মৃত শামছুল হকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করলে সেটি ধাওয়া করে র‌্যাব সদস্যরা। পরে গাড়িটি আটক করে আরিফুল ইসলাম ভূঞাকে গ্রেপ্তার করা হয়। তবে গাড়িতে থাকা আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যান। র‌্যাব জানায়, পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আটটি বাদামি রঙের তেলের কার্টন পাওয়া যায়। এসব কার্টনের ভেতর বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আরএম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।