নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার এক যুবক তার প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যা করায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করেছেন। নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন সোমবার দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. রাজু প্রামাণিক (২৫) শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মো. সুজন প্রামাণিকের ছেলে। মামলার বাদী দণ্ডপ্রাপ্ত যুবকের সাবেক শাশুড়ি শহরের বলারীপাড়ার বাসিন্দা মোছা. চামেলী বেগম জানান, ঘটনার পাঁচ বছর আগে তার বড় মেয়ে মীম খাতুনের সঙ্গে আসামির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
বিয়ের ৫ বছরের মাথায় আসামি তার মেয়েকে তালাক দেয়। পরে আসামি অন্যত্র বিয়ে করেছেন শুনে তিনি তার মেয়েকেও অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি রাজু প্রামাণিক ২০২২ সালের ২৯শে জানুয়ারি সকাল বেলা তার অবর্তমানে তাদের ভাড়া বাসায় প্রবেশ করে তার বড় মেয়ে মীম খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাধা দিতে এলে তার ছোট মেয়ে মনীষা খাতুনকেও কুপিয়ে জখম করে। খবর পেয়ে বাড়ি এসে উভয়কে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় মেয়ে মীম খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই দিন বাদী নাটোর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করেন। নাটোরের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
