কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় গিয়াস উদ্দিন (৪০) নামে আহত এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন ব্যাপারী বাড়িতে তার মৃত্যু হয়। গিয়াস ওই বাড়ির মৃত রুহুল আমিনের ছোট ছেলে। এর আগের দিন শনিবার রাতে হাজীরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরহাদ হোসেনের দোকানের কর্মচারী এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে ইসমাইলের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন গিয়াস। এ ঘটনা ধামাচাপা দিতে একটি পক্ষ থানা পুলিশকে ম্যানেজের চেষ্টা করছে বলে এলাকাবাসী জানান।
জানা যায়, গত শনিবার রাতে একই এলাকার বিএনপি নেতা ফরহাদ হোসেনের দোকানের কর্মচারী ইসমাইল হোসেনের সঙ্গে গিয়াস উদ্দিনের পূর্বের বিরোধ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল গিয়াসকে এলোপাতাড়ি পেটায় এবং কয়েকটি আছাড় দেয়। এতে গিয়াস অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়া হয়। পরেরদিন রোববার রাতে নিজ বাড়িতে গিয়াসের মৃত্যু হয়। এ দিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন বলেন, গিয়াস আমার ভাগিনা। সে দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ। কিন্তু ইসমাইল তাকে কয়েকটি আছাড় দিয়েছে শুনেছি। বিষয়টি আমরা পুলিশকে অবহিত করেছি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, গিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
