মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসীর মৃত্যু

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় তাজ উদ্দিন (৪১) নামে গফরগাঁওয়ের এক প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার মালয়েশিয়ার জহুর বারু শহরের একটি কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজ উদ্দিন দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি প্রায় ৯ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।

জানা গেছে, শুক্রবার সকালে কর্মস্থলে ক্রেনের সাহায্যে মালামাল সরানোর সময় হঠাৎ ভারী মাল ছিটকে তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। দুই মাসের ছুটি কাটিয়ে গত জুনের শেষ দিকে তিনি মালয়েশিয়ায় ফিরে যান। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। নিহতের চাচা হাফিজুল হক ফেরদৌস মাস্টার জানান, পরিবারের সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে পরিশ্রম করছিলেন তাজ উদ্দিন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাজ উদ্দিনের মা হামিদা খাতুন ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।