ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নান্দাইল থেকে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালিপাড়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী ইমরান হোসেন (৩৬) ও অজ্ঞাতনামা এক নারী (৪০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত ইমরান হোসেন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার হারারকান্দা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সিএনজিচালক ফয়জুল ইসলাম (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ট্রাকচালক ভুল পাশে গিয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।