দেশ পুনর্গঠন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দুর্নীতি, মাদক এবং সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার দুপুরে মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী একইসঙ্গে বৈষম্যবিরোধী বিপ্লবের সাফল্য ধরে রাখতে একটি জবাবদিহিমূলক ও সুশাসিত সমাজ গঠনের ওপর জোর দিয়েছেন। বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গড়ার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে গণবিপ্লবের মুখে ফ্যাসিবাদী শক্তি দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তার প্রকৃত সাফল্য নির্ভর করছে বর্তমান ও ভবিষ্যতের কর্মপদ্ধতির ওপর। এই কাজে ভালোবাসার দৃষ্টি থেকে দেশটাকে গড়ে তুলতে হবে। আমরা যদি এবার দেশ গঠনে ব্যর্থ হই, তবে তা হবে আমাদের সকলের ব্যর্থতা। চিকিৎসা খাত সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল স্বাস্থ্য খাত। সারা দেশে চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত।
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমাদের সবার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম যদি থাকে, তবে কেউ দুর্নীতি করতে পারবে না। মতবিনিময় সভায় জেলার প্রতিটি উপজেলা পৌরসভার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
