চট্টগ্রামে হাতকড়াসহ পালালো আসামি পুলিশসহ আহত ৫

ফন্ট সাইজ:

চট্টগ্রামের বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে স্বজনদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য ও মামলার বাদীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেলেও পরে ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া আসামির নাম মোহাম্মদ মহিউদ্দিন (২৮)। তিনি উত্তর কালডেঙ্গার শিকদার বাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয় আব্দুল মান্নানের দায়ের করা একটি সিআর মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল মসজিদ ঘাট এলাকায় যায়। এ সময় মামলার বাদীও পুলিশের সঙ্গে ছিলেন। গ্রেপ্তারের চেষ্টা করলে মহিউদ্দিনের স্বজনদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এতে তিন পুলিশ সদস্য ও মামলার বাদী আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আব্দুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। রাত সাড়ে ১২টার দিকে তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। পুলিশের দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে মহিউদ্দিন হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। তাদের মধ্যে জেবল হোসেন (২৩) চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য। অপর আটক ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার পরিবারের নারী সদস্যরা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দেন। পরে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।