চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাড়াটিয়ার ঘরের লোহার দরজার ছিটকিনি কেটে নগদ টাকা ও মালামাল চুরির অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ছালে আহমেদ ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মো. সেকান্দর (৬২) জানান, ভাড়াটিয়া ঘরে না থাকার সুযোগে দুর্বৃত্তরা দরজার ছিটকিনি কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা নগদ ১৮ হাজার টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ৩০ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হাসান, নুর উদ্দীন, হোসেন, রিদয়সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সেকান্দর। অভিযোগকারীর দাবি, এর আগেও তার ভাইয়ের ভাড়া ঘর এবং কয়েক মাস আগে তার নিজের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। পরপর চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
