নেত্রকোণার পূর্বধলায় লাকড়ি বিক্রির পাওনা টাকা পরিশোধ করতে গিয়ে দিলু আরা (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। প্রতিবেশী বাবুল মিয়ার (৩০) বিরুদ্ধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে বাবুল পলাতক রয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলু আরা ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী। অভিযুক্ত বাবুল মিয়া একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। জানা যায়, সম্প্রতি বাবুল মিয়ার কাছ থেকে আমগাছের কিছু লাকড়ি কিনেছিলেন দিলু আরা। রোববার সন্ধ্যায় লাকড়ির পাওনা টাকা পরিশোধ করতে বাবুলের বাড়িতে যান তিনি। অভিযোগ রয়েছে, বাড়িতে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে দিলু আরার ওপর চড়াও হন বাবুল। এ সময় দু’জনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে দিলু আরার ওড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে বাড়ির পাশের আজিজুলের বাঁশঝাড়ের জঙ্গলে ফেলে রেখে বাবুল পালিয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তারা দিলু আরাকে উদ্ধার করেন। তখন তার শ্বাস-প্রশ্বাস চলছিল। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে দিলু আরাকে মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পলাতক বাবুল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নেত্রকোণায় লাকড়ির টাকা দিতে গিয়ে গৃহবধূ খুন, অভিযুক্ত পলাতক
নেত্রকোণা প্রতিনিধি
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
