শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কয়েকজন শিক্ষকের নাম আসার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনেকাংশে প্রস্তুত হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে খুব দ্রুতই প্রতিবেদনটি সবার সামনে আনা হবে। গত ৫ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে আহ্বায়ক, ট্রেজারার প্রফেসর মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান ও প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদকে সদস্য এবং রেজিস্ট্রার প্রফেসর মো. জামাল হোসেনকে সদস্য সচিব করা হয়।
ইতিমধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন তদন্ত কমিটির কাজে সংশ্লিষ্ট শিক্ষকরা। তারা জানান, বিষয়টির ব্যাপকতা বিবেচনায় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের পাশাপাশি আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং তদন্ত কমিটির সদস্য সচিব প্রফেসর মো. জামাল হোসেন এ বিষয়ে বলেন, আমাদের তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, আমরা অনেকাংশেই তদন্ত প্রতিবেদনের কাজ সম্পন্ন করে ফেলেছিÑ খুব দ্রুতই জমা দেয়া হবে। এখানে আমরা বৃহত্তর পরিসরে তদন্ত চালিয়ে যাচ্ছি। গণমাধ্যমে যেসব নাম এসেছে তার বাইরে আরও অনেক কিছুই আছে। আমরা শিগগিরই সবকিছু সামনে নিয়ে আসবো।
