যশোরে শিশু লামিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে পরিবারের সদস্যরা এ মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, শিশু লামিয়াকে ধর্ষণের পর অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তাদের অভিযোগ, আসামি সোহাগ কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি হত্যা ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। মানববন্ধন থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসঙ্গে তাদের পরিবারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান মানববন্ধনকারীরা।
