কিশোরগঞ্জের হোসেনপুরে নববিবাহিত বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে রোববার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাইক্রোবাসটি হাজীপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজীপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাস ভাঙচুর করে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বরের স্বজনরা। ঘটনার সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কনের পারিবারিক সূত্রে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
হোসেনপুরে বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেয়ার অভিযোগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
