মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

ফন্ট সাইজ:

হোটেল রেস্তরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নসহ শ্রমিক নেতৃবৃন্দের বিরদ্ধে দায়েরকৃত পরিকল্পিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে রিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, হোটেল রেস্তরাঁ খাতের শ্রমিকরা এক দুর্বিষহ জীবনযাপন করছেন। নামে মাত্র মজুরিতে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। ৫ই মে ২০২৫ হোটেল ও রেস্তরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণার এক বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হচ্ছে না।

শ্রম আইন স্বীকৃত ৮ ঘণ্টার অধিক কর্মঘণ্টার জন্য দ্বিগুণ মজুরি প্রদানের বিধান থাকলেও মালিকরা ওভারটাইমের মজুরি না দিয়ে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক বারো-তেরো ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়। এ ছাড়াও শ্রম আইনের অন্যান্য সুযোগ-সুবিধা থেকে মালিকরা শ্রমিকদের বঞ্চিত করে চলেছে।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, সুবেল মিয়া, রুহুল আমিন, রুহিত, জসিম উদ্দীন রিয়াজ, সোহেল মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফজলু রহমান সাজু প্রমুখ।