সরাইলে বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন, আল্টিমেটাম

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্তমানে বেহাল আরেক সড়কের নাম ‘সরাইল-অরুয়াইল’ সড়ক। ১৪ কিলোমিটার সড়কের অগণিত খানাখন্দ ছোট-বড় গর্তে নাভিশ্বাস উঠছে যাত্রী ও চালকদের। দিনরাত সীমাহীন কষ্ট ও দুর্ভোগে কাটছে তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষের। সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে গত রোববার সন্ধ্যায় চুন্টা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সড়কে স্থানীয় নেতা এমএ রহিমের নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সংস্কার কাজের ধীরগতির জন্য এমপি, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। ঘোষিত সময়ের পর ঘেরাও কর্মসূচির ঘোষণাও এসেছে মানববন্ধন কর্মসূচি থেকে। মো. সোলেমান মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনÑ মাওলানা নুরে আলম আশরাফী, মো. বায়েজিদ ও সুলেমান। বক্তারা বলেন, ১০ বছর ধরে বেহাল সড়কটি। আমরা কষ্ট করছি। সিএনজি’র ভাড়া দ্বিগুণ। দুর্ঘটনায় মানুষ মরছে। টেন্ডার হয়েছে। কাজ হচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। উনারা দুই বছর সময় চান। এমপি, ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরাও কোনো কাজে আসছে না। এভাবে চলতে পারে না। আসুন আমরা তাদের বয়কট করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খামখেয়ালি করছেন।

আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু না হলে ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম দিয়েছেন তারা। স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ছিবগাত উল্লাহ খন্দকার সড়কের ২ কিলোমিটার সংস্কার কাজের বিষয়ে বলেন, ধীরগতি নয়। গাছ কাটা, ৬৩টি বৈদ্যুতিক খুঁটি সরানো ও পানির জন্য কাজটি শুরু করা যাচ্ছে না। ২০২৭ সালের ৯ই জুলাই পর্যন্ত সময়। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাজটি শেষ করতে পারবো। এরপরের ১১.১৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজের প্রস্তাব প্রেরণ করেছি।