উত্তরায় পিস্তল-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

উত্তরায় পিস্তল-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নীরব ওরফে মিজু আহমেদ (৩৭) ও মো. রেজাউল করিম (৩৪)।

সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ৮ই ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে যৌথ বাহিনীর সঙ্গে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টিম আজমপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন র‌্যাবের পোশাক পরিধান করে ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ০৪ (চার) রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, একটি এ্যান্টেনা যুক্ত ব্যাটারি সহ ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ড কাফ, ০৪ (চার) টি র্যা বের জ্যাকেট, দুইটি র্যা বের ভুয়া আইডি কার্ড, দুইটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুইটি গাড়ির নাম্বার প্লেট, ০৩ (তিন) টি মোবাইল ফোন ও নগদ ২৬৭০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া, গ্রেপ্তারকৃত মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৮ (আট) টি মামলা এবং গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নীরব ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৩ (তিনটি) মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন