যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনায় নিজেদের ম্যাপস সেবায় লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা প্রদর্শন শুরু করেছে গুগল। যুক্তরাষ্ট্রের ভেতরের ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তন কার্যকর হলেও কানাডায় এটি লেক অন্টারিও নামেই প্রদর্শিত হচ্ছে। কানাডার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই নাম পরিবর্তন করেন। এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড।
ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের পর এই পরিবর্তন আনে গুগল। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে জলপথটির ঐতিহাসিক নাম বজায় রাখার ঘোষণা দিয়েছেন। মূলত দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র কানাডীয় পণ্যে ৫০ ভাগ শুল্ক আরোপ করে, যার জবাবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছে কানাডা।
