ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সীরটেক এলাকায় এলোপাতাড়ি গুলির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার বিপাশা কুন্ডু মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন-রাকিব, রিফাত ও বিল্লাল।
এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলির ঘটনায় এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হন। পুলিশ বলছে, মাদক নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), চা দোকানি আলমগীর (৩৩) এবং পথচারী সিয়াম (১৮)। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার গণমাধ্যমকে বলেন, তার স্বামীর সেখানে চায়ের দোকান আছে। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। দোকানের ভেতর থাকা অবস্থায় তার কপালে গুলি লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলছেন, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।
পুলিশের ‘ইনসিডেন্ট রিপোর্টে’ বলা হয়েছে, মাদক নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগনে রাসেল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অটো সজলের লোকজনকে মারধর করেন। এর পর বিদ্যুৎ বন্ধ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
