১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, সে বিষয়ে আদেশ ৭ সেপ্টেম্বর। এর আগে খালাস চেয়ে করা আপিল গ্রহণযোগ্য হবে কি না, এ বিষয়ে সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।
গত ১৭ আগস্ট এই আপিলটি আইনগতভাবে রক্ষণীয় কি না, সে বিষয়ে শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আবুল কালাম আযাদের সাজা স্থগিতের বিরুদ্ধে তারা আবেদন করেছেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ৫ আগস্টের পর দেশে ফিরে তিনি তৎকালীন সরকারের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ডের কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করা হয়। এরপর ওই স্থগিতাদেশের ভিত্তিতে তিনি আপিল বিভাগে তার দণ্ড ও সাজা চ্যালেঞ্জ করে আপিল করেন। ৩০ দিনের পর এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় আপিল গ্রহণযোগ্য হওয়ার নজির নেই।
এর আগে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে নির্বাহী বিভাগ আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড স্থগিত করে। পরে চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম আসামি মাওলানা আবুল কালাম আযাদ।
