সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়ালো ৯৩ জনে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ হাজার ৬৮৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জন মারা গেছেন। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৫৮ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৪৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১২৩, চট্টগ্রাম বিভাগে ১১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮২, ময়মনসিংহ বিভাগে ৮১, রাজশাহী বিভাগে ৭৬, রংপুর বিভাগে ৬ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪৬ জন মারা গেছেন। এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ১৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।
