চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেঙে হঠাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

ফরিদপুরের চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেঙ পরিদর্শনে হঠাৎ উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টার দিকে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হন। স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী সেখানে উপস্থিত হন। স্বাস্থ্যমন্ত্রী এ সময় দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থাকায় এক নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে তিনি হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি হাসপাতালে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসক পদায়নের আশ্বাস দেন। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ওইদিন সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ ছাড়া, তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

পাশাপাশি তিনি রোগীদের খাবারের মান, ওষুধের সরবরাহ এবং শৌচাগারের পরিচ্ছন্নতার বিষয়েও খোঁজখবর নেন। পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও হাসপাতালের সেবার বিষয়ে অবহিত করেন।

এর আগে পরিদর্শনের একপর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন ধরে কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানার পর তিনি হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) কল করেন। পরে ওই নার্সকে দ্রুত পার্শ্ববর্তী সদরপুর উপজেলায় বদলির নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতি দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে দ্রুত হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসক পদায়ন করা হবে।