বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মডেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। রোববার দুপুরে নগরের ধোপাদীঘির পাড়ে নিজস্ব ভূমিতে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবক উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ কর্তৃক বাস্তবায়িত এবং বৃটিশ রেডক্রস-এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, সুইচ রেডক্রস প্রতিনিধি সঞ্জিব বিশ্বাস, বৃটিশ রেডক্রস প্রতিনিধি মুকেশ, আইএফআরসি প্রতিনিধি সুনাক্ষী দে, আইসিআরসি প্রতিনিধি নিকোলাস ফ্লুয়েরি, সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
এর পূর্বে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব এবং আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মানবিক সেবার পরিধি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
