শ্রীপুরে ইউপি দফাদারের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ

শ্রীপুরে ইউপি দফাদারের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের দফাদার শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার দায়িত্বে থাকা একজন ইউনিয়ন পরিষদের দফাদারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এদিকে অভিযোগটি প্রকাশ্যে আসার পর শ্রীপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না।

শ্রীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার বলেন, “শাসনব্যবস্থা বা প্রশাসনিক কাঠামোয় যারাই থাকুন না কেন, মাদকসেবন কিংবা মাদক কারবারের সঙ্গে যুক্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। দফাদার শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।” স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একইসঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তারা। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা জানান, তেলিহাটি ইউনিয়নের দফাদার শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে দফাদার শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।