চিমটিবিল সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফন্ট সাইজ:

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্তের ভারতীয় অংশে গুলিতে সোহাগ মিয়া (১৭) এক যুবক নিহত হয়েছে। সে সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বিজিবি একাধিক প্রেস রিলিজ দিয়ে ভিন্ন তথ্য সরবরাহ করেছে। বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের সর্বশেষ প্রেস রিলিজের তথ্যমতে, চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে ভারতীয় চোরাচালানীদের গুলিতে ওই যুবক নিহত হয়েছে। তবে এর আগে বিজিবি’র প্রেস রিলিজে বলা হয়েছিল ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)’র গুলিতে ওই যুবক নিহত হয়েছে। বিজিবি জানায়, কতিপয় বাংলাদেশি ব্যক্তি চোরাচালানকৃত গরু আনার উদ্দেশ্যে শূন্যরেখা অতিক্রম করে প্রায় ১ কি.মি. ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে ভারতীয় চোরাকারবারি দলের সঙ্গে বিরোধ ও হাতাহাতি হওয়ার একপর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা তাদেরকে গুলি ছোড়ে।

এতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শফিক মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৭) গুরুতর আহত হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আরও জানা যায়, নিহত যুবকের পরিবারের অন্য সদস্যরা এলাকার চিহ্নিত ও দাগি চোরাকারবারি। তাদের নামে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার সংবাদ পাওয়ামাত্র চিমটিবিল বিওপি’র টহলদল ঘটনাস্থলে পৌঁছায় এবং বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ তাদের এলাকায় গোলাগুলির বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। বিজিবি’র পক্ষ থেকে রোববার জরুরিভিত্তিতে বিওপি পর্যায়ে ফ্ল্যাগ মিটিং আহ্বান করা হয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এদিকে নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিহত যুবক সীমান্ত এলাকায় গরু চড়াতে গেলে অতর্কিতভাবে তার ওপর গুলি চালানো হয়। একপর্যায়ে তাকে খুঁজে না পাওয়া গেলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখে। তার আপন চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন। বিজিবি’র হবিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালানী নিয়ে বিরোধের জের ধরে ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।