সিলেটে চা শ্রমিকদের ৪ দাবিতে কর্মবিরতি

ফন্ট সাইজ:

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ’ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দাবিতে ২ ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন সিলেটের ২৩টি বাগানের চা শ্রমিকরা। রোববার সন্ধ্যা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত ছিল। শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। চা শ্রমিকদের আরও দুই দাবি হচ্ছে, গেজেট-২০২৩ বাতিল এবং ভূমি অধিকার নিশ্চিত করা। গতকাল সকালে চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট ভ্যালী বি ৭৭ রেজি: ইউনিয়ন আলীবাহার চা-বাগান পঞ্চায়েত কমিটি, শ্রমিকবৃন্দ, ছাত্র-যুবক। সেদিন দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে চা শ্রমিকরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছিলেন।

এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগী না হলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকরা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। বেঁধে দেয়া সময়সীমার মধ্যে দাবি আদায় না হওয়ায় দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন বলে জানান শ্রমিকরা। কর্মবিরতি-বিক্ষোভ মিছিলে উপস্থিত ও বক্তব্য রাখেন- প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কাউছার আহমেদ (সাগর), আলীবাহার পঞ্চায়েত কমিটির সভাপতি শ্যামাচরণ গোয়ালা, আলীবাহার পূজা কমিটির সভাপতি কৃষ্ণ গোয়ালা, আলীবাহার পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি নাজমা বেগম।