যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

যশোরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ (এমপি) ১১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক কমিশনার রাজীবুল ইসলাম রাজীবকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার ভোরে যশোর কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একাধিক ধারায় মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী। এ ছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে এতে আসামি করা হয়েছে।

জানা যায়, গত ২৮শে আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাতালতলা এলাকায় পালোয়ানবাড়িগামী রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ মিছিলের আয়োজন করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে। জানা গেছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।