যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী গুদামের সার্বিক পরিস্থিতি, খাদ্যশস্যের ব্যবস্থাপনা ও গুণগত মান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের পর তিনি সাটুরিয়া উপজেলার খাদ্যগুদামও পরিদর্শন করেন। ?খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো সময় প্রাকৃতিক বা অন্য কোনো দুর্যোগ দেখা দিতে পারে। আমরা যেন সেই পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারি, সেভাবেই সারা দেশে খাদ্যশস্য মজুত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে কিনা এবং সেগুলো নিরাপদ অবস্থায় আছে কিনা, তা সরজমিন নিশ্চিত করাই আমার প্রথম কাজ। এই স্পষ্ট বার্তা পৌঁছে দিতেই দেশের বিভিন্ন জেলার গুদাম পরিদর্শন শুরু করছি। ?বাজারের খাদ্য সিন্ডিকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নতুন খাদ্যমন্ত্রী বলেন, আমি মাত্র কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। বিস্তারিত দেখার পরেই এই বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে।
সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে ঘটা অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানান, অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খাদ্যের গুণগত মান ও গুদাম ব্যবস্থাপনায় কোনো ছাড় দেয়া হবে না। পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাছরিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ ?স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
