আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩০

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় ১৫ দিনের ব্যবধানে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে তৃতীয় দফায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ৩০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোর ৭টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার লাবিবা ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শোলকাটা এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়। এর আগে, গত ১৫ ও ২৭শে আগস্ট আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পৃথক দু’টি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এসব ঘটনায় আনোয়ারা থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। প্রথম মামলায় ৪৫ জন এবং দ্বিতীয় মামলায় ৭৮ জনকে আসামি করা হয়। ওই দুই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘রোববার ভোর ৭টার দিকে লাবিবা ক্লাব থেকে মিছিলের প্রস্তুতির সময় ডিবি পুলিশের একটি দল ৩০ জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অনেকের বয়স ১২ থেকে ১৪-১৫ বছরের মধ্যে। অনেকেই স্কুলপড়ুয়া ছাত্র। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।’